নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের ঘটনার পর গণপিটুনি দেওয়া হয়েছে এক ছিনতাইকারীকে। এই ঘটনায় ছিনতাইয়ের শিকার হওয়া এক ব্যক্তিও আহত হয়েছে। পুলিশ আহত ছিনতাইকারী ও ছিনতাইয়ের শিকার দুজনকেই হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকার পাকা সড়কে এই ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত হওয়া ছিনতাইকারীর নাম মৃদুল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মরদাসাদী গ্রামের কাদেরের ছেলে নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কল্যাণী মোড় এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় তারা নজরুল ইসলামের কাছে থাকা আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়।
পরে নজরুল ইসলাম বিষয়টি স্বজন ও স্থানীয়দের জানালে তারা চারদিকে ছড়িয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। এ সময় মিদুল নামে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত নজরুল ইসলামও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আহত ছিনতাইকারী মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেই সঙ্গে ছিনতাইকারীর হাতে আহত হওয়া নজরুল ইসলামকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
