চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি অচল: ভোগান্তিতে হাজারো রোগী।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি অচল: ভোগান্তিতে হাজারো রোগী।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি অচল: ভোগান্তিতে হাজারো রোগী, দ্রুত সংস্কারের দাবি
ইকবাল হাসান, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এতে জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগীদের জেলা শহরে স্থানান্তর করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত ও অসহায় রোগীদের জন্য এটি এক বড় সংকটে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ দিন ধরে গ্যারেজে পড়ে আছে। ফলে দুর্ঘটনা বা প্রসূতি মায়েদের জরুরি অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিতে হলে চড়া মূল্যে বেসরকারি অ্যাম্বুলেন্স বা সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সময়মতো যানবাহন না পাওয়ায় রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, "সরকারি অ্যাম্বুলেন্সটি সচল থাকলে আমরা কম খরচে হাসপাতালে যেতে পারতাম। এখন বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে গেলে দ্বিগুণ-তিনগুণ ভাড়া গুণতে হয়, যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।"
চন্দনাইশ এলাকার সচেতন নাগরিকরা বলছেন, একটি উপজেলার প্রধান স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স না থাকা অত্যন্ত দুঃখজনক। তারা অনতিবিলম্বে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ অথবা বর্তমান অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি পুরনো হওয়ার কারণে বারবার বিকল হয়ে পড়ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
বর্তমানে চন্দনাইশের সাধারণ মানুষ এই চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে সরকার ও সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
তথ্য, ছবি ও ভিডিও: ইকবাল হাসান, চট্টগ্রাম প্রতিনিধি।