যুক্তরাষ্ট্রের মেজর লিগে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার রোভমান পাওয়েল। শ্রীলংকান বোলার দাসুন শানাকার এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছেন তিনি।
মেজর লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলছেন রোভমান পাওয়েল। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলের অর্ধেকই ক্যারিবিয়ান ক্রিকেটার। ডালাসে সেটেল অর্কাসের বিপক্ষে গতকাল ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। যার বড় চমক ছিল রোভমান পাওয়ালের হাঁকানো এক ওভারে পাঁচ ছক্কা।
ঘটনাটি ম্যাচের ১৭তম ওভারের। তিন ওভারে ২৯ রান দেওয়া শানাকা এসেছিলেন স্লগ ওভারে নিজের শেষ ওভার করতে। কিন্তু ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার দিয়ে ছক্কা হাঁকান পাওয়েল। দ্বিতীয় বলে লং অন, তৃতীয় বলে মিড উইকেট, চতুর্থ বলে লং অফ এবং পঞ্চম বলে লং অনের মাথার ওপর দিয়ে ছক্কা।
এর মধ্যে চতুর্থ বলে হাঁকানো ছক্কাটি ছিল ১০৫ মিটার, যা স্টেডিয়ামের গ্যালারি ছাড়িয়ে বাইরে আছড়ে পড়েছিল। তবে টানা ৫ ছক্কা হাঁকিয়ে শেষ বলে আর রক্ষা পেলেন না। অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলকে মিড উইকেটে খেলতে গিয়ে গড়বড় করে ফেলেন। স্কয়ারে দাঁড়িয়ে সেই ক্যাচটি লুফে নেন বার্টমান।
৩৭ রানে পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের ইতি হলেও লস অ্যাঞ্জেলস নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাস ১৫.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১৫ রানে। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় লস অ্যাঞ্জেলস।
