ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। ‘শাহ গ্রুপ’ ও ‘অফিওরা’র যৌথ উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ সার্সেলসে আয়োজিত এই মেগা উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২ আগস্ট সার্সেলসের স্টেড এমিল জোলা প্রাঙ্গণে উৎসবটি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।
নগর বাউল জেমসের পাশাপাশি বাংলাদেশের আরো কয়েকজন জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশন করবেন। দেশীয় সংগীত, সংস্কৃতি ও উৎসবের আমেজে দিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
মেগা ইভেন্টের অন্যতম আয়োজক ও শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী শাহ আলম বলেন, ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি হবে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলা। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিয়ে আনন্দ ভাগাভাগির পাশাপাশি এখানে থাকবে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ। বিশ্বের বুকে বাংলাদেশের সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরাই আমাদের এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা সার্সেলসের অফিওরা এবং প্যারিসের আলফা ওমেগা থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।
