পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ করা হলে তা উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ল্যাভরভ। তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
উপসাগরীয় নিরাপত্তায় ইরানের অংশগ্রহণের পক্ষে রাশিয়া
ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ হতে পারে।
তিনি জানান, প্রায় দুই দশক আগে রাশিয়া আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছিল।
রাশিয়ার ধারণা অনুযায়ী, আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে সম্পৃক্ত করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্কের জটিল সমস্যাগুলো মোকাবিলা করা সম্ভব।
ইরান-সৌদি সম্পর্ক স্বাভাবিকের প্রসঙ্গ
ল্যাভরভ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে চীন ও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
‘মক্কা চুক্তি’তে ইরানকে চায় মস্কো
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার একটি সম্ভাব্য কাঠামো।
তার মতে, মিশর ও আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও এই প্রক্রিয়ার অংশ করা গেলে তা রাশিয়ার দীর্ঘদিনের আঞ্চলিক নিরাপত্তা ধারণার সবচেয়ে কার্যকর বাস্তবায়ন হতে পারে।
তবে এ ধরনের কোনো উদ্যোগে রাশিয়া নেতৃত্বের ভূমিকা দাবি করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ।
আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই প্রস্তাব বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন ধরনের সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে সৌদি আরব ও ইরানকে একই নিরাপত্তা কাঠামোর আওতায় আনার উদ্যোগ মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে প্রস্তাবটি বাস্তবে কতটা গ্রহণযোগ্যতা পাবে এবং সংশ্লিষ্ট দেশগুলো এতে কতটা সম্মত হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
সূত্র: আনাদোলু এজেন্সি
সামালা টিভি | আন্তর্জাতিক ডেস্ক
