জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাঠামোগত পরিবর্তনের দাবি, ডলারের বিকল্পে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্যের ওপর জোর
সামালা টিভি | আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন, বিশ্ব বাণিজ্যে অস্থিরতা এবং একতরফা শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে ব্রিকসের ১১ সদস্যদেশ। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বহুপক্ষীয় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাঠামোগত সংস্কারের জোর দাবি জানানো হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে নেতারা সর্বসম্মতভাবে ‘নয়াদিল্লি ঘোষণা’ অনুমোদন করেন। সম্মেলনের সমাপনীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সদস্যদেশগুলোর যৌথ মতৈক্যের ভিত্তিতেই এই ঘোষণাপত্র গৃহীত হয়েছে।
নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি
ঘোষণাপত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের বিষয়ে সুনির্দিষ্ট আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে ব্রাজিল ও ভারতের আরও বড় ভূমিকা পালনের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
ব্রিকস নেতারা মনে করেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় পুরোনো কাঠামোর আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে বৈশ্বিক সংকট মোকাবিলা করা কঠিন। তাই বৈশ্বিক সংস্থাগুলোর প্রতিনিধিত্ব ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সংস্কার জরুরি।
মধ্যপ্রাচ্যে সংঘাত ও নাবিকদের নিরাপত্তা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
ঘোষণাপত্রে ‘একতরফা যুদ্ধংদেহী পদক্ষেপের’ নিন্দা জানানো হলেও কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করে কাউকে দায়ী করা হয়নি। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ব্রিকস সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকায় যৌথ ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতার মতো বিষয়ে সদস্যদেশগুলো অভিন্ন অবস্থান তুলে ধরেছে।
ডলারের বিকল্পে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য
ব্রিকস ঘোষণাপত্রে মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব বা আঞ্চলিক মুদ্রার মাধ্যমে সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা—ডব্লিউটিওর সংস্কারের দাবি জানিয়ে একটি উন্মুক্ত, স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জোটটি।
একতরফা শুল্ক আরোপে উদ্বেগ
ঘোষণাপত্রে একতরফা শুল্ক আরোপ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ব্রিকস নেতারা বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যকে বিকৃত করে এবং ডব্লিউটিওর নীতির পরিপন্থী।
বাণিজ্যিক অস্থিতিশীলতা মোকাবিলা, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিগুলোর চাহিদা পূরণ এবং বৈশ্বিক বাণিজ্যব্যবস্থাকে আরও কার্যকর করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে সদস্যদেশগুলো।
মোদির বক্তব্য
সম্মেলনের সমাপনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পরিবর্তনশীল বিশ্বকে পুরোনো ও ভঙ্গুর প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করা সম্ভব নয়। তাই বৈশ্বিক সংস্থাগুলোতে প্রতিনিধিত্ব এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সংস্কার আনা জরুরি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রযুক্তি এবং তা পরিচালনার নীতিমালা তৈরিতে গ্লোবাল সাউথের দেশগুলোর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মোদি বলেন, নয়াদিল্লি ঘোষণা ব্রিকস সদস্যদের যৌথ সংকল্পের দিকনির্দেশনা দিয়েছে। এখন এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করাই হবে মূল লক্ষ্য।
সামালা টিভি | আন্তর্জাতিক ডেস্ক
