বিএনপির রাজনীতি ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে: রুহুল কবির রিজভী
সামালা টিভি | রাজনৈতিক ডেস্ক
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মুনাফেকি করেছে এবং বর্তমানে সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিলনের পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মুনাফেকি করেছে। এখন তারা ত্রাস ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে। অথচ তারাই এলাকায় দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ইসলামের মূল শিক্ষা হচ্ছে মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু একটি পক্ষ ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মানুষের কল্যাণের পরিবর্তে তারা রাজনৈতিক লাভের পেছনে ছুটছে।
রিজভী বলেন, “বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে, সব মুনাফেকির বিরুদ্ধে।”
ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর ও ছাগল উপহার
অনুষ্ঠানে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিলনের পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারটিকে একটি ছাগলও উপহার দেওয়া হয়।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সামালা টিভি | রাজনৈতিক ডেস্ক
