সামালা টিভি | নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিস এবং সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।
এর আগে, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। পরে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে তফসিলি ব্যাংকগুলোর ছুটির বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হওয়ায় পূজার ছুটি আরও একদিন বাড়ছে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন ছুটির আওতাভুক্ত কর্মজীবীরা।
এই ছুটির সঙ্গে সমন্বয় করতেই আজ শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তাই সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আজ নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে।
সামালা টিভি | দেশ ও মানুষের কথা বলে...
