রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছে।
জানা গেছে, শনিবার সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংলাপ ফোরাম। ওই কর্মসূচি চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করা হয়।
যেভাবে সাজানো হয়েছিল দেয়াল
গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।
প্রতিকৃতিগুলোতে কালি মাখানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
