রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সামালা টিভি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত ও সড়কের পাশ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে অপসারণ করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রশাসনকে সহযোগিতা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহাসড়কের ফুটপাত ও সড়কের পাশ দখলমুক্ত করার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
