রাজধানীতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু শুক্রবার
রাজধানীতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু শুক্রবার
-
আপলোড সময় : 08 এপ্রিল 2026 07:38:42 অপরাহ্ন
ছবির ক্যাপশন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন। আগামী ১০ ও ১১ এপ্রিল এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার বাছাই পর্ব।
বুধবার সকাল সাড়ে ১১টায় ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে জানান, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশগ্রহণ করবেন।
সম্মেলনের উদ্বোধন করবেন প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। এ বছর গুণী-সম্মাননা হিসেবে ‘রবীন্দ্রপদক’ প্রদান করা হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।
১০ এপ্রিল সকাল ১০টায় বোধন সংগীত ‘আমি মারের সাগর পাড়ি দেব’ পরিবেশনের মাধ্যমে মূল আয়োজনের সূচনা হবে। একই দিন সকাল ১০টা ৪০ মিনিটে কিশোর ও সাধারণ বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুইটি মঞ্চে একযোগে। এর আগে ৯ এপ্রিল ঢাকায় বাছাই পর্বে প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশ নেবেন।
দুই দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গীতি-আলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায়। প্রথম দিনের সন্ধ্যায় বিশেষভাবে থাকছে নজরুল সংগীতের একটি পর্ব। দ্বিতীয় দিন সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে সেমিনার। বিষয় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’। এতে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।
অধিবেশন উপলক্ষে প্রকাশিত হচ্ছে প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’, যেখানে রবীন্দ্রনাথের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা স্থান পেয়েছে। পাশাপাশি উপস্থাপন করা হবে সংগঠনের এ যাবৎকালীন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. সারওয়ার আলী, নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল হক বাবুল ও লাইসা আহমদ লিসা। এ সময় উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল হক খান, আবুল ফারাহ পলাশ এবং সদস্য রশীদ আল হেলালসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক ও সামাজিক প্রেক্ষাপটে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে রবীন্দ্রসংগীতের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই এবারের সম্মেলনের আয়োজন, যেখানে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে মানুষের অন্তর্গত শক্তিকে জাগ্রত করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের স্মরণে প্রতিষ্ঠিত সংগঠনটি পরবর্তীতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে এর সক্রিয় শাখা রয়েছে ৮২টি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বাঙালির সাংস্কৃতিক বিকাশ, বিশেষ করে রবীন্দ্রসংগীত চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি অধিবেশনে দেশের গুণীজনদের সম্মাননা প্রদান এবং ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতার আয়োজন এ ধারারই অংশ।
নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat
কমেন্ট বক্স